রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। 

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী।

এতে অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। একইসাথে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা আরো সমৃদ্ধ হয়েছে। তিনি ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের সফলতা কামনা করেন।’

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানও বক্তব্য দেন।

আয়োজকরা জানায়, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এ টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং এক হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং দুই হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের মূল ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট পাঁচজন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মেইন ড্রয়ে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী।

এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।