দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আমি যতটুকু খেলি, এরচেয়ে ভালো খেলার যোগ্যতা আমার আছে।’ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক অবশ্য কথায় কাজে মিল রাখতে পারেননি। শূন্য রানে ফেরেন, দলও হারে বাজেভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে গতকাল ওপেনিংয়ে নামেন শান্ত। মাহমুদুল্লাহকে জায়গা করে দিতে জায়গা হারান সৌম্য।
ওপেন করতে নামা শান্ত দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। অনেক দিন পর হেসেছে তার ব্যাট। তানজিদ তামিমের সাথে প্রথমে ৪৫ রানের জুটিতে শুভসূচনা এনে দেন। হঠাৎ করে ছন্দপতন। ৯৭ রানে ২ উইকেট থেকে ১১৮ রানে নেই ৫টি। ২১ রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার কাজ করছিলেন শান্ত। ব্যাট হাতে অনেক দিন পর নিজেকে খুঁজে পাওয়া শান্ত খেলেছেন ৭৭ রানের দারুণ ইনিংস। ১১০ বলে ৯টি চারে সাজানো ৭৭ রানের ধৈর্যশীল ইনিংসটি থামে উইল ও’রোর্কের শিকার হয়ে। মিডউইকেটে ক্যাচটি নেন ব্রেসওয়েল। বিরুদ্ধ পরিস্থিতিতে অধিনায়ককে তো খেলতে হয় এমন ইনিংসই।
টি-২০ নিয়ে প্রবল সমালোচনা থাকলেও ওয়ানডেতে গত এক-দেড় বছরে নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিকই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার পর আবারো পড়েছিলেন সমালোচনার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে করেছিলেন মাত্র ১২ রান। তবে এক ম্যাচ পরই নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি (৭৭) দিয়ে ছন্দে ফিরলেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ঘরোয়া টি-২০তে গত ১৭ ডিসেম্বর থেকে তার রান যথাক্রমে ৪, ১, ৭৮, ০, ৯, ৪, ৪১, ২।



