নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার কক্ষটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তবে জীবাণুনাশক কক্ষের কার্যক্রম শনিবার বিকেল থেকে পুরোদমে শুরু হয়েছে। ডাক্তার, নার্স, সাংবাদিক, রোগীসহ আগতরা হাসপাতালে প্রবেশের আগে এ কক্ষে গেলে কয়েকটি নজেল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার শরীরে জীবাণুনাশক স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছেন এর উদ্ভাবক তরুণ প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ। করোনাভাইরাস প্রতিরোধে এই কক্ষে সচেতনমূলক বিভিন্ন ধরনের কথা লেখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যÑ ‘আপনি বাঁচলে দেশ বাঁচবে’, ‘নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন’, ‘শারীরিক দূরত্ব বজায় চলুন...।’
করোনাভাইরাসের প্রভাব শুরুর পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন মাশরাফি। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে তহবিল গঠনে উদ্যোগটা তিনিই নিয়েছিলেন। এ ছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের ফাউন্ডেশন থেকে অসহায়-দুস্থদের জন্য আর্থিক ও খাদ্য সহায়তাও দিচ্ছেন মাশরাফি। নিজ এলাকা নড়াইলে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবাও চালু করেছেন মাশরাফি।