কাতারে চাকরি করা প্রবাসীদের মধ্যে তিউনিশিয়ান নাগরিকের উপস্থিতি প্রচুর। তাদের মহিলা শ্রমিকও কম নয়। এই তিউনিশিয়ানরা প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে তাদের গোলশূন্য ড্রতে বেশ খুশিই হয়েছিল। কিন্তু কাল তাদের মলিন মুখ আল জানুব স্টেডিয়ামে। এবার যে তারা কোনো পয়েন্টেরই দেখা পায়নি। উল্টো হেরে ফের গ্রুপ পর্বে থেকে ছিঠকে পড়ার শঙ্কায়। কাল তাদের ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা জাগিয়েছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া অঞ্চল থেকে এএফসিতে যোগ দেয়া এবং দেশের এই জয়টা ১২ বছর পর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। এর আগে ২০০৬ সালে জাপানকে হারিয়েছিল ৩-১ গোলে।
প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ১-৪ গোলে হারে। কাল প্রথমার্ধে পাওয়া গোলই ধরে রেখে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট আদায় করে। ‘ডি’ গ্রুপে সকারুজদের পরের ম্যাচ ৩০ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে। আর আফ্রিকান মুসলিম দেশ তিউনিশিয়া সে দিনই তাদের শেষ ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার এই প্রতীক্ষার অবসানের জয়ের নায়ক মিশেল ডিউক। তিনি খেলেন জাপানের দ্বিতীয় বিভাগ লিগে। দ্বিতীয় বিভাগে খেলে কোনো ফুটবারের বিশ্বকাপে গোল করাটা এই প্রথম। তিউনিশিয়ান এক মিডফিল্ডার পড়ে যাওয়ায় বলের দখল নেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার। এর পর বাম দিকে থ্রু পাস দেন। সে বলে ক্রসে করেন ক্রেইগ গডউইন। তা তিউনিশিয়ান এক ডিফেন্ডারের পায়ে লেগে হালকা গতি পরিবর্তন করে। অবশ্য তাতেও বলের নাগাল পেতে সমস্যা হয়নি মিশেল ডিউকের। লাফিয়ে বলে যে চমৎকার ফ্লিক হেড করেন তাতে আর কিছুই করার ছিল না তিউনিশিয়ান কিপার আইমান দেহমানের। তিনি পুরো শরীর বাম দিকে উড়িয়েও রুখতে পারেননি গোল।
তিউনিশিয়া গোল পায়নি তাদের মিডফিল্ডার ইউসুফ মাসাকনি তিন দফায় গোল করতে ব্যর্থ হওয়ায়। প্রথমার্ধে তার শট অল্পের জন্য পোস্ট মিস করে। ৭০ মিনিটে অস্ট্রেলিয়া ব্যবধান বাড়াতে ব্যর্থ ম্যাথু লিচেকের শট পোস্টের বাইরে যাওয়ায়।
এরপর তিউনিশিয়ার সেই মাসাকনির গোল মিস। এবার তার শঠে বাধা অস্ট্রেলিয়ার কিপার ম্যাথু রায়ান। তাতেই জয় নিশ্চিত দলের। সকারুজদের এই জয়ে বিশ্বকাপে এশিয়ার আরেক দল হাসতে পারলো ম্যাচ শেষে। তা প্রথম ম্যাচে বাজে হারের পর। এর আগে সৌদি আরব, ইরান এবং জাপান এবারের বিশ্বকাপে জয়ের দেখা পায়। পেল না শুধু কাতার। স্বাগতিক হিসেবে প্রথম রাউন্ডেই কাতারিদের বিদায় প্রথম দুই ম্যাচ হেরে।