শুরুটা ছিল দারুণ। সাদমান ইসলাম ও সৌম্য সরকারের ব্যাটে উদ্বোধনী জুটিতেই ১০৮ রান তুলে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই জুটি ভাঙার পরই দ্রুত উইকেট হারাতে থাকে দল। 

শেষদিকে নাঈম হাসানের প্রতিরোধে দুইশ পার হলেও ৭৮.১ ওভারে ২৩৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। জবাবে দিন শেষে ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান তুলেছে সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। রোববার প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পায় বাংলাদেশ। 

সাবলীল ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার  ও সাদমান ইসলাম। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯০ রান বিনা উইকেটে। পরে উদ্বোধনী জুটি ছাড়িয়ে যায় শতরান। ১০৮ রানে ভাঙে সেই জুটি, সাদমান ফেরেন ৪৬ রান করে।

এরপর ফিফটি পূর্ণ করে রিটায়ার্ড আউট হন সৌম্য। ৯২ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। তার বিদায়ের পর আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটিং।

মুমিনুল হক ৩৩ রান করলেও মুশফিকুর রহিম, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ বড় অবদান রাখতে পারেননি। একপর্যায়ে ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষদিকে নাঈম হাসান লোয়ার অর্ডারকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন। ৭৫ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া তাইজুল ইসলাম ১৬ ও খালেদ আহমেদ ১০ রান করলে ২৩৪ পর্যন্ত যায় বাংলাদেশের ইনিংস।

আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিকী ৩টি, উসাইদ ও হায়দার ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় আমিরাত। ১১ রান করা লুকমানকে ফেরান খালেদ আহমেদ। দিন শেষে ৩৪ রানে অপরাজিত ছিলেন ভারত, আর আফতাব অপরাজিত ছিলেন ৬ রানে।

ফলে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে ২০০ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই নিয়মিত টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।