নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনকে সাধুবাদ জানিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এই আহ্বান জানা।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পোস্টে তিনি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকে সাধুবাদ জানান। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই আন্দোলনের জন্য সাবিক নিজেকে নিয়ে গর্ববোধ করেন বলে উল্লেখ করেন।

এরপর সাকিব আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন।’ 

এরপর এই অলরাউন্ডার শিক্ষার্থীদের আন্দোলনকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করে ‍‘ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে’ আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ হচ্ছে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমাকে তোমাদের সাথে পাবে।

মূহুর্তের মধ্যে সাবিক আল হাসানের এই পোস্ট অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় দেড় হাজারের বেশি মানুষ কমেন্টে তাদের প্রতিক্রিয়া জানায়। এই সময়ের মধ্যে শেয়ার হয় প্রায় এক হাজার। এ সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।

বর্তমানে দল নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে এখানে।

সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে

 

সাকিব আল হাসানের ফেসবুক পোস্ট:
‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুন ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।

তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।

তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব‍্যত‍্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’

আরো পড়ুন : মেয়েকে কালেমা শেখাচ্ছেন সাকিব আল হাসান
ছোট্ট আলাইনা হাসান অব্রি বসে আছে মেঝেতে, হাতে একটি টেনিস বল নিয়ে খেলছে সে। পেছনে বসা বাবা সাকিব আল হাসান। তবে ভিডিওর মূল ফোকাস আলাইনাকে কেন্দ্র করেই। বাবা সাকিব আল হাসানের শরীরের কিছু অংশ দেখা গেলেও মুখটা দেখা যায় একবার মাত্র , তাও এক সেকেন্ডের জন্য।

ভিডিওতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাথায় টুপি পরে মেয়ে আলাইনাকে কালেমা তাইয়্যেবা পড়াছেন সাকিব। সাকিব কালেমায় তাইয়্যেবার একটি করে শব্দ বলছেন, তা শুনে শুনে খেলার ছলেই বাবার সাথে পবিত্র কালেমা উচ্চারণ করছেন ছোট্ট আলাইনা। সুন্দরভাবে বলা শেষ হতেই হাততালি দেন বাবা সাকিব।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভোরিফায়েড পেজে ভিডিওটি পোস্ট করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ১২ সেকেন্ডর ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের প্রথম সাত ঘণ্টায় সেটিতে বিভিন্ন মন্তব্য করেছেন ৬৬৩ জন ভক্ত, নিজেদের ওয়ালে শেয়ার করেছেন ৬৮৩ জন। লাইকসহ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন ২১ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। প্রতি মূহুর্তে এই সংখ্যা বেড়েই চলছে। ভিডিওটি কোথায়, কখন ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি সাকিব ফেসবুক পেজে।

ভক্তরা সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন তিন বছরেরও কম বয়সি আলাইনাকে পবিত্র কালেমা শেখানোর ভিডিও দেখে। সাকিব আল হাসান বর্তমানে ‍যুক্তরাষ্ট্রের রয়েছেন তার টি-টোয়েন্টি দল নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

২০১২ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশী-আমেরিকান উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন সাকিব আল হাসান। ২০১৫ সালের নভেম্বরে জন্ম নেয় এই দম্পতির কন্যা আলাইনা হাসান অব্রি।