পাঁচ লাখ রুপিতে বিক্রি হলেন শচীনপুত্র অর্জুন। মুম্বাই টি--টোয়েন্টি ক্রিকেট লিগের নিলামে সর্বোচ্চ পাঁচ লাখ রুপিতে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেল্ডুলকার। মুম্বাই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী এই বামহাতি পেসারকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই ওয়ের্স্টান সুবার্ব।

শনিবার অনুষ্ঠিত হওয়া এই নিলামে পেসারদের ক্যাটাগরিতে এক লাখ রুপির বেইস প্রাইসের তালিকায় ছিলেন অর্জুন। নিলামে তার নাম ডাকার পরই তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত দু’টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৫ লাখ রুপিতে গিয়ে অর্জুনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। তাই বাধ্য হয়ে লটারি করা হয় অর্জুনকে নিয়ে। সেই লটারিতে জিতে অর্জুনকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই । এই লিগে ৫ লাখের উপরে কোনো খেলোয়াড়কে কিনে নেয়ার কোন নিয়ম নেই।

১৪ মে থেকে শুরু হবে মুম্বাইয়ের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফ্র্যাঞ্জাইজিভিত্তিক আসর টি-২০ লিগ মুম্বাই। পর্দা নামবে ২৬ মে। এই টুর্নামেন্টে আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্নের হয়ে খেলবেন অর্জুন।

এরই মধ্যে ক্রিকেটে নিজের অবস্থান জানান দিয়েছেন অর্জুন। বাঁ হাতি এই পেসার লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংও করে থাকেন। তবে বোলিংই তার মূল জায়গা।

এর আগে মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অর্জুনের। গত বছর অভিষেক হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও।

গত বছরের জুলাইয়ে ভারতের জুনিয়র দলের হয়ে শ্রীলঙ্কা সফরের চার দিনের দুটি টেস্ট ম্যাচে সচীন পুত্র সুযোগ পেয়েছিলেন। ম্যাচটিতে বেশভালো পারফরম্যান্স দেখান ১৯ বছর বয়সী অর্জুন।

সূত্র : বাসস