ফেনী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও দ্বিতীয়বারের মতো কমিশনার জয়নাল আবদীন আন্ত:বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ক্রিকেট আসরের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। কলেজ ছাত্র সংসদের আয়োজনে তৎসংলগ্ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র সংসদ সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল। ছাত্র সংসদ জিএস রবিউল হক ভূঞা রবিন ও কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি সাদিয়া সুলতানা রাত্রির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
উদ্বোধন ঘোষণার পরপরই শুরু হয় অংশগ্রহণকারি দলসমূহের ডিসপ্লে। তারা দেশীয় সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেছে নাচে-গানে। বিকালে ডিসপ্লেতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারি ব্যবস্থাপনা বিভাগ, দ্বিতীয় প্রাণিবিদ্যা বিভাগ ও তৃতীয় বাংলা বিভাগকে প্রাইজমানি পুরস্কার প্রদান করা হয়। ছাত্র সংসদের নেতৃবৃন্দকে নিয়ে আগত অতিথিদের স্বাগত জানান ছাত্র সংসদ ভিপি তোফায়েল আহমদ তপু ও এজিএস আশিক হায়দার রাজন হাজারী। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটের বড় এ আয়োজনে কলেজের অনার্স বিভাগের ১৫টি, একাদশ-দ্বাদশ শ্রেণির ১টি ও ডিগ্রি বিএসএস-বিবিএস এর ১টি এবং বিএ/বিএসসির ১টি দল এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্ণামেন্টের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা উইকেট কিপারকেও পুরস্কৃত করা হবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে।



