কাছাকাছি গিয়েও মেহেদী হাসান মিরাজের কারণে সেঞ্চুরি পূর্ণ হলো না স্বাগতিক জিম্বাবুয়ের অধিনায়ক ব্রান্ডন টেইলরের। শনিবার সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে টেইলর প্যাভেলিয়নে ফিরেন ৯২ রানে।
মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছিলেন টেইলর।
প্রথম ইনিংসে ৮১ রানে আউট হয়েছিলেন এ তারকা ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ১৫ রানে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমদ।
দলীয় ষষ্ঠ এবং নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে শিকার করেন মিল্টন শুম্বার উইকেট। তার গতির বলে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার।
এরপর ওপেনার কাইতানোর সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন টেইলর। দলীয় ১১০ রানে ৭৩ বলে ১৬টি বাউন্ডারির সাহায্যে ৯২ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন টেইলর।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান।
জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে থাকে ১৯২ রানে।
চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ১ উইকেটে ২৮৪ রান করে। ফলে লিড দাঁড়িয়েছে ৪৭৭ রানে। ১১৫ রানে সাদমান ও ১১৭ রানে শান্ত আছেন অপরাজিত।






