ওভাল টেস্টের চতুর্থ দিনে রোববার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কমপক্ষে তিনটি ক্যাচ ইংল্যান্ডের ফিল্ডারদের সামনে পড়েছিল। শেষপর্যন্ত অবশ্য বড় রান করতে পারলেন না তিনি। বরং তুলনায় নির্বিষ বলে আউট হয়ে ড্রেসিংরুমে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচের ১১১তম ওভারে মইন আলির শেষ বলে আউট হয়ে যান বিরাট। বলে তেমন কোনো ভয়ানক জাদু ছিল না। পিচের ক্ষতস্থানে বল ফেলার চেষ্টা করেন মইন। কিন্তু ক্ষতে না পড়ে অফ-স্টাম্প লাইনের বল সোজা চলে যায়। কোহলি সেই বল খেলার জন্য বড়সড় পা ফেলেছিলেন। বিরাট ব্যাটের কোণায় বল ছুঁয়ে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভারটনের হাতে জমা পড়ে। তার ফলে ৯৬ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে।

সেই সময় আউট হওয়ায় স্বভাবতই হতাশ দেখাচ্ছিল ভারতীয় অধিনায়ককে। বিশেষত সকালের দিকে তুলনামূলকভাবে নয়া বলে ইংল্যান্ডের আক্রমণ সামলে দেয়ার পর ওভালে বড় স্কোরের দিকে ধীরে-ধীরে এগোচ্ছিলেন। যে বিরাটের ব্যাট থেকে দু'বছর শতরান আসেনি। সেইসাথে ভারতের বড় লিডের জন্য ক্রিজে তার থাকাটা অত্যন্ত জরুরিও ছিল। বিরাটের সেই হতাশা রাগে পরিণত হতে বেশি সময় লাগেনি। ড্রেসিংরুমে ফিরে দেয়াল সপাটে মারেন বিরাট। যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্র : হিন্দুস্থান টাইমস