এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো হোম সিরিজ খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা বলেন, তার দেশ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পুরোপুরি নিরাপদ। যে কারণে এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো হোম সিরিজ খেলবে না পাকিস্তান দল।

তিনি জানান, নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অনেক ভালো অবস্থায় আছে। ফলে নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো ‘হোম’ সিরিজ খেলবে না পাকিস্তান।

সম্প্রতি নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বোর্ড থেকে নিরপেক্ষ ভেন্যুতে বাতিল হওয়া সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয়া হয় পাকিস্তানকে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান।

এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সব ব্যবস্থা আমাদের হাতে রয়েছে। তাই হোম সিরিজ খেলতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কোনো প্রশ্নই আসে না।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ বাতিল হবার পর বেশ কিছু দেশের সাথে সিরিজ আয়োজনের ব্যাপারে কথা বলেছিলো পিসিবি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিরিজ আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘শ্রীলংকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের কথা বলা হয়েছিল। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, মূল খেলোয়াড়দের সবাই এর জন্য প্রস্তুত আছে এবং এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হয়ে উঠেছে। বাংলাদেশ ‘বি’ দল পাঠাতে চেয়েছিল। আর জিম্বাবুয়ে সফর করতে চেয়েছিল, কিন্তু যেহেতু সময় কম ছিল তাই ঘরোয়া ইভেন্টে মনোযোগ দেয়াটাই ভালো বলে আমরা মনে করছি।’

সূত্র : বাসস