জাতীয় দলে হয়তো নেই, তবে ব্যস্ততার শেষ নেই সাকিব আল হাসানের। ক্যারিয়ারের সায়াহ্নে এসে একের পর এক ফ্রাঞ্চাইজি লিগে যুক্ত হচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সিপিএলে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ পরিচিত মুখ সাকিব আল হাসান। ২০১৩ সাল থেকে বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন তিনি। তবে নানা কারণে দল পেয়েও খেলা হয়নি গত দুই আসরে।

তবে ফের তাকে দেখা যাবে সিপিএলে। ২০২৫ আসরের জন্য ড্রাফট থেকে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

আগামী ১৪ আগস্ট থেকে ছয় দলের অংশগ্রহণে মাঠে গড়াবে সিপিএলের নতুন আসর। ২১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে যার পর্দা নামবে। গ্রুপ পর্বসহ সবমিলিয়ে খেলা হবে ৩৪টি ম্যাচ।

গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল। অ্যান্টিগাতেই ফ্যালকন্সের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাভিন উল হক, ইমাদ ওয়াসিম, রাহকিম কর্নওয়াল, ফ্যাবিয়ান এলেনদের।

এর আগে সাকিব সিপিএলে খেলেছেন ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫ মৌসুমে। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা আর সর্বশেষ ২০২২ সালে গায়াবার হয়ে খেলেছেন।

সিপিএলে সব মিলিয়ে ৩৬ ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৪৮ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৬.৮২ গড়ে রান দিয়ে নিয়েছেন ৩৭ উইকেট।