প্রথম দুই ওভারেই গড়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ৬ ওভার পাওয়ার প্লের দুই ওভারে রানই আসেনি, আবার রানের খাতা খোলার আগেই নেই ২ উইকেট, ১১ রানে নেই তিনটা- এরপর কী আর লড়াই করার মানসিকতা থাকে!
গতরাতে শ্রীলঙ্কার সাথে এমনি হতবিহ্বল দৃশ্যের অবতারণা হয়েছে। ফলাফল যা হওয়ার তাই, চোখে আঙুল দিয়ে লঙ্কানরা দেখিয়ে দিয়েছে শক্তির পার্থক্য। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে শেষ চারের ভাগ্য।
আবুধাবিতে শনিবার ৫.২ ওভার হাতে রেখে ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচের টাইগারদের জন্য কঠিন হয়ে গেছে দ্বিতীয় পর্বে উঠার সমীকরণ। শেষ ম্যাচে আফগানদের সাথে জিততে হবে বড় ব্যবধানে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে তাই পাওয়ার প্লেতে বাজে ব্যাটিংকেই হারের জন্য দায় দেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়কের ভাষ্যে- ‘প্রথম দুই উইকেট আমাদের পিছিয়ে দিয়েছে।’
‘পাওয়ার প্লেতে আমরা ম্যাচটা অনেকটাই হেরে গেছি। ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল। আমরা যদি ১৭০ বা ১৮০ রান করতে পারতাম, খেলাটা ভিন্ন হতো। কিন্তু ১৪০ রান একদম যথেষ্ট নয়।’
ব্যাট হাতে রান আসেনি, সেই ব্যর্থতা বল হাতে আড়াল করতে পারতেন বোলাররাই। তবে তারাও পারেননি, ফিল্ডাররা পারতে দেননি। বল হাত ফসকেছে বার বার, সুযোগ হয়েছে হাতছাড়া।
এ নিয়ে আক্ষেপ আছে লিটনেরও। বলেন, ‘আপনি যদি ভালো উইকেটে ১৪০ রান করেন, তখন আপনাকে বোলিং-ফিল্ডিং ভালো করতে হবে। কিন্তু এই ম্যাচে আমরা ভালো বোলিং করিনি, ভালো ফিল্ডিংও করিনি।’
গ্রুপ ‘বি’তে এখন তিন দলেরই সমান ২টি করে পয়েন্ট। তবে বাংলাদেশ দুই ম্যাচ খেলে ফেলায় বাকিদের চেয়ে একটু পিছিয়ে। লিটনও বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই তাদের কাছে ফাইনালের মতো। ‘হ্যাঁ, অবশ্যই। ডু অর ডাই ম্যাচ। দেখা যাক।’






