প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতলেও ‘সেরা খেলা’টা খেলতে পারেনি বাংলাদেশ। আসেনি তৃপ্তি, যা নিয়ে দলের মাঝেই আছে অস্বস্তি। তবে সেই চাপা ব্যথা দূর হতে পারে আজই।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে শনিবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
বৃহস্পতিবার কাগজে–কলমে টুর্নামেন্টের দুর্বলতম দলটাই বাংলাদেশের বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ফেলেছিল ১৪৩ রান। জবাবে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ জয় পেয়েছে ১৪ বল বাকি থাকতে।
জয় পেলেও আরেকটু ভালো খেলতে না পারার আক্ষেপটা ছিল ক্রিকেটারদের মাঝে। তবে সেই আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ পাচ্ছে আজ। সব অপ্রাপ্তি দূর করতে পারে লঙ্কানদের বিপক্ষে দাপুটে এক জয়।
সেই লক্ষ্যে মাঠে নামার আগে প্রশ্ন, একাদশ কেমন হতে পারে বাংলাদেশের? হংকংয়ের বিপক্ষে খেলা সেরা এগারো নিয়েই কি মাঠে নামবে টাইগাররা, না কি বদল আসবে চরিত্রে।
বিভিন্ন সূত্র বলছে, একটা পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। নাসুম আহমেদ ফিরতে পারেন সেরা এগারোতে। তবে কার জায়গায় আসবেন, সেটাই বড় প্রশ্ন।
গত ম্যাচে তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেননি শেখ মেহেদী, ৪ ওভার বল করে রান দেন ২৮। অন্যদিকে রিশাদ হোসেন নেন জোড়া উইকেট, তবে তার জন্য খরচা হয় ৩১ রান।
অন্যদিকে শেষ ২ ম্যাচে ৫ উইকেট নেন নাসুম আহমেদ। তবে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পাননি তিনি। তাই নাসুমের ফেরার সম্ভাবনা আছে বেশ।
প্রথম ম্যাচ থেকে টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও আরেকটি সুযোগ তিনি পেয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।
তিন পেসারের মাঝেও পরিবর্তন আসছে না বলা যায়। অর্থাৎ এই ম্যাচেও একাদশের বাহিরে থাকতে হবে সাইফুদ্দিন ও শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।






