শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়লো নোয়াখালীর ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি, মাত্র ৯ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে নোয়াখালী গুটিয়ে গেছে ১৮.৫ ওভারে ১২৬ রানেই।
নানা টানাপোড়েনের পর শুক্রবার ফের মাঠে গড়িয়েছে বিপিএল। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। যেখানে টসে জিতে আগে বোলিং নেয় বন্দরনগরীর দলটা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল নোয়াখালীর। পাওয়ার প্লেতে বেশ রান আসছিল। তবে দুই ওপেনারের কেউ ইনিংস বড় করতে পারেননি, দু'জনেই ফেরেন পাওয়ার প্লেতে।
সৌম্য সরকার ৮ বলে ১৪ রানে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর হাসান ইসাখিলকে ২০ বলে ২৫ রানে ফিরিয়ে উইকেট উদযাপন শুরু করেন শরিফুল। এরপর উইকেট নেন আরো ৪টি।
৩ উইকেট নেন শেখ মেহেদী। নোয়াখালীর ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন তিনিই। হায়দার আলী (১২) ও হাবিবুর রহমান সোহানকে (১১) ফেরান মেহেদী। আর ইনিংসের লেঁজটা কাটেন শরিফুল।
নোয়াখালীর হয়ে বলার মতো রান পেয়েছেন আর কেবল জাকের আলী (২২ বলে ২৩) ও সাব্বির হোসেন (১৯ বলে ২২)। ২ উইকেটে ৭৮ থেকে শেষ ৪৮ রানে ৮ উইকেট হারায় নোয়াখালী।






