লম্বা বিরতি শেষে পিএসএল দিয়ে যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছঁক কষছেন সাকিব আল হাসান, ঠিক তখনই ফের দুঃসংবাদ পেলেন তিনি। আবারো বড় শাস্তির মুখে পড়েছেন তিনি।
তবে ক্রিকেট নিয়ে নয়, সাকিব শাস্তির মুখে পড়েছেন পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ারের দাম কারসাজির দায়ে। যার জন্য তাকে দিতে হচ্ছে দুই কোটি ২৬ লাখ টাকা জরিমানা!
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। কারসাজির সাথে জড়িত থাকায় সাকিবসহ মোট ১৩ জনকে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর ও ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে একটি চক্র শেয়ারটির মূল্য কৃত্রিমভাবে ১২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। যার ফলে প্রতি শেয়ারের দাম ৪২৩ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৯৫৭ দশমিক ৭০ টাকায়।
এই সময় চক্রটি প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকার মুনাফা তুলে নেয় এবং আরো ৫৫ কোটি টাকার অবাস্তবায়িত লাভের সুযোগ তৈরি হয়। যা আইনের স্পষ্ট লঙ্ঘন। যার সুবাদে শাস্তি পেতে হচ্ছে ক্রিকেট তারকা সাকিবকে।
জরিমানার আওতায় আসা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো আবুল খায়ের হিরু, সাদিয়া হাসান, আবুল কালাম, ডিআইটি কো-অপারেটিভ, ফরিদ হাসান, ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটাভিয়ন ও জাভেদ এ মতিন।
উল্লেখ্য, সাআন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেকদিন, প্রতিযোগিতামূলক ক্রিকেটেও পড়েছে বড় বিরতি। বোলিং নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকটা আড়ালেই আছেন ক্রিকেটের এই তারকা।
তবে গতকাল (বুধবার) বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিয়ে দিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। সবকিছু ঠিক থাকলে ১৭ মে শুরু হতে যাওয়া পিএসএলের দ্বিতীয় ভাগে খেলবেন সাকিব আল হাসান।






