প্রতিপক্ষ যখন ওমান, পাকিস্তানের থেকে দারুণ কিছুর আশা ছিল। ভাবা হচ্ছিলো হয়তো বড় পুঁজি গড়বে সালমান আগার দল। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যদিও পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি।
শুক্রবার দুবাইয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান। যেখানে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছে সালমান-ফখররা।
মোহাম্মদ হারিসের হাফ সেঞ্চুরিতে ভর করেই মাঝারি সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাকিদের কেউ তেমন সুবিধা করতে পারেননি। হারিস নিজেও জীবন পান মাত্র ২ রানে। জীবন পেয়ে খেলেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস।
এদিন প্রথম ওভারেই শূন্য রানেই ফেরেন ওপেনার সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের হাল ধরেন শাহিবজাদা ফারহান ও হারিস। দুজনে মিলে যোগ করেন ৮৫ রান।
ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হন। হারিস ফেরেন ৪৩ বলে ৬৬ রান তুলে নিয়ে। পরপর দুই বলে আউট হয়েছেন হারিস ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ১৩ ওভারে ১০২ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
এরপর ফখর জামান একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। ফখর অপরাজিত ছিলেন ১৬ বলে ২৩ রান করে। মাঝে ১০ বলে ১৯ রান করেন মোহাম্মদ নাওয়াজ।
ওমানের হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল শাহ ও আমির কালিম। আর একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাদিম।






