শ্রীলঙ্কার কাছে কাছে হার বেশ পোড়াচ্ছে বাংলাদেশকে। টাইগারদের ফেলে দিয়েছেন কঠিন সমীকরণের মারপ্যাঁচে। সুপার ফোরের স্বপ্ন পূরণে গলার কাঁটা হয়ে উঠেছে সেই হার।

কাগজে-কলমে ব্যাকফুটে থাকলেও এখনো সম্ভাবনা আছে বাংলাদেশের। তার জন্য ভাঙতে হবে যদি-কিন্তুর গোলকধাঁধা। আর সবার আগে আজ হারাতে হবে আফগানিস্তানকে।

বাঁচা-মরার লড়াইয়ে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। আবুধাবিতে প্রথম পর্বের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে তাদের। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।

তবে শুধু আফগানদের হারালেই হবে না, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ের দিকে। যে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে টাইগারদের ভাগ্য।

বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে উঠবে লঙ্কানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ জিতলেই হবে।

তবে টাইগাররা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পা রাখবে শেষ চারে। আর ২ পয়েন্ট নিয়ে বিদায় হবে আফগানিস্তানের।

কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান জেতে, তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কাসহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট, যেখানে পিছিয়ে বাংলাদেশ।

শ্রীলঙ্কার রান রেট আছে এখন +১.৫৪৬ ও আফগানিস্তানের +৪.৭০০। সেখানে বাংলাদেশের রান রেট ০.৬৫০। অর্থাৎ শ্রীলঙ্কা ও আফগানিস্তান দু’দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে।

ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের। যে জয় রান রেটে অন্তত শ্রীলঙ্কার থেকে এগিয়ে দেবে টাইগারদের।

এই দুই সমীকরণের মধ্যে একটি বিষয় স্পষ্ট যে যেকোনো মূল্যে আফগানদের বিপক্ষে আজ জিততেই হবে বাংলাদেশকে। এছাড়া সমীকরণ মেলানোর আর কোনো উপায়ই থাকবে না।

কেননা বাংলাদেশ হারলে অবশ্য কোনো সমীকরণই কাজে লাগবে না। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হওয়ার আগেই তাদের পয়েন্ট হয়ে যাবে ৪।

তখন দু’দলের মাঝে যারাই জিতুক বা হারুক, বাংলাদেশের সুপার ফোরে ওঠার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।