হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ, তবে সেই জয়ে তৃপ্তি আসেনি। অস্বস্তি আছে জেতার ধরন নিয়ে, সুযোগ পাওয়া সত্ত্বেও রান রেটে কেন চোখ রাখেনি টাইগাররা- আছে এ নিয়ে প্রশ্ন।
আবুধাবিতে বৃহস্পতিবার এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জিতলেও খরচ করে ১০৬ বল।
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও রান রেটে পিছিয়ে গেছে টাইগাররা। ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচনায় সুপার ফোরে যাওয়ার দৌড়ে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে তাই রান রেট বাড়িয়ে নিতে চাইবে তিন দলই। শ্রীলঙ্কা এখনো তাদের বিপক্ষে খেলেনি। আর বাংলাদেশ খেলেও সুযোগটা কাজে লাগাতে পারেনি।
তবে আফগানরা ৯৪ রানের জয় পায় হংকংয়ের বিপক্ষে। আফগানিস্তানের নেট রান রেট তাই ৪.৭০০। যেখানে বাংলাদেশের ১.০০১। এর জন্য তাওহীদ হৃদয়ের মন্থর ব্যাটিংকে দায়ী করছেন বিশ্লেষকরা।
তবে ডানহাতি এই ব্যাটার বলছেন ভিন্ন কথা। তার মতে, এসবই পরিকল্পনার অংশ আর জেতাটাই ছিল তাদের মূল লক্ষ্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান হৃদয়।
তার মতে, টেনেটুনে নয়, হেসে-খেলেই শেষ চারে পা রাখতে চায় বাংলাদেশ। হৃদয় বলেন, ‘রান রেট নিয়ে চিন্তিত নই আমরা। কারণ আমরা আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে চাই। টুর্নামেন্টের শুরুতেই বিষয়গুলো জটিল করতে চাই না।’
‘আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে রান রেটে কিছু আসে যায় না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপরই চাপ তৈরি হয়। আমাদের যা প্রসেস, আমরা সেটাই অনুসরণ করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ওপর।’
এ নিয়ে তাওহীদ হৃদয় আরো বলেন, ‘আমরা আরো আগেই ম্যাচ শেষ করতে পারতাম, কিন্তু পরিস্থিতির দাবি অনুযায়ী খেলেছি। আমাদের মানসিকতা ছিল জয়ের। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে ম্যাচটা যেন হাতছাড়া না হয়।’






