এশিয়া কাপের পুরনো মুখ বাংলাদেশ। প্রথম আসর বাদে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের সবগুলো আসরেই খেলেছে টাইগাররা। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর চতুর্থ দেশ হিসেবে এই টুর্নামেন্টে নাম লেখায় লাল-সবুজরা।
পরের ১৫ আসরের সবগুলোতেই ছিল বাংলাদেশ। এশিয়া কাপের আয়োজকও হয়েছে চারবার। এদিকে অংশ নেয়া দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। তবে প্রথম তিন দল ছাড়া শিরোপা জিততে পারেনি আর কেউ, পারেনি বাংলাদেশও।
১৬টি আসরে অংশ নিয়ে সর্বোচ্চ সাফল্য তিন-তিনবার ফাইনালে খেলা। বিষয়টা যে অনেকটা বিস্ময়কর, তা বুঝা গেল আফগান দলের প্রধান কোচ জোনাথন ট্রটের হতচকিত চেহারা দেখে।
আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রটের ধারণা ছিল, একাধিকবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তাই সংবাদ সম্মেলনে সত্যটা জানতে পেরে বিস্ময় লুকাননি ইংল্যান্ডের সাবেক ব্যাটার।
আবুধাবিতে মঙ্গলবার ‘বি’ গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে আসেন জনাথন ট্রট। যেখানে একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয় যে- চলতি এশিয়া কাপে দুই ম্যাচে একটি হারের পর এখন ডু অর ডাই অবস্থায় আছে বাংলাদেশ। এটি কিভাবে দেখছেন ট্রট।
এই প্রশ্নের উত্তরেই বাংলাদেশের একাধিক এশিয়া কাপ জেতার ধারণার কথা প্রকাশ করেন ট্রট। তিনি বলতে শুরু করেন, ‘হ্যাঁ অবশ্যই (তাদের জন্য বাঁচা-মরার লড়াই)। তবে আপনি যদি ইতিহাস দেখেন, তারা কয়েক বার এই টুর্নামেন্ট জিতেছে, এশিয়া কাপ।’
এই পর্যন্ত বলতেই প্রশ্নকর্তা তাৎক্ষণিক ট্রটের ভুল শুধরে দিয়ে বলেন, বাংলাদেশ ফাইনাল খেলেছে শুধু। কখনো চ্যাম্পিয়ন হয়নি। তখনই মূলত বিস্ময় প্রকাশ করেন ট্রট। এমনকি তখন তিনি প্রশ্নকর্তার ভুল হচ্ছে বলেও ধারণা করেন।
বলেন, ‘শুধু ফাইনাল খেলেছে! কখনো চ্যাম্পিয়ন হয়নি? আমার মনে হয়, তারা পঞ্চাশ ওভারের এশিয়া কাপ জিতেছে। আপনি কি নিশ্চিত? আপনি কি আবার চেক করে দেখবেন? আবার চেক করে দেখুন প্লিজ।’
প্রশ্নকর্তা তখন বেশ জোর দিয়ে বলেন, একাধিকবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে কখনো জিততে পারেনি। ট্রট তখন অবিশ্বাস নিয়ে মিডিয়া ম্যানেজারের দিকে তাকান।
এরপর নিজেই গুগল করে নিশ্চিত হন বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও এশিয়া কাপ জেতেনি। এরপর দীর্ঘশ্বাস ফেলে আফগানিস্তানে প্রধান কোচ বলেন, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’
তবে এরপর বাংলাদেশের প্রশংসা ভিন্নভাবে করতে শুরু করেন ট্রট। টাইগারদের সমীহ দেখিয়ে বলেন, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন সত্যিকারের ম্যাচ উইনার আছে। তাই আমার কাছে এই ম্যাচটি বেশ কঠিন এক পরীক্ষা।’
তবে আফগানিস্তান সবকিছুর জন্য প্রস্তুত আছে দাবি করে ট্রট বলেন, ‘কিছু দিন বিরতি পাওয়ায় আমি খুশি। অত্যধিক গরমে প্রথম ম্যাচ খেলার পর এখন আমরা মানসিকভাবে, শারীরিকভাবে সতেজ আছি। প্রস্তুত আছি।’






