ফুরালো অপেক্ষা। এক বছরের বেশি সময় পর ব্যাট উঁচিয়ে ধরার মুহূর্ত পেলেন সাকিব আল হাসান। সব ধরনের স্বীকৃত ক্রিকেট মিলে প্রায় ৩৭ ইনিংস পর পেলেন ফিফটির দেখা।
জাতীয় দলে নেই, তবুও ব্যস্ততার শেষ নেই সাকিব আল হাসানের। পিএসএল শেষ করে সাকিব এখন গায়ে তুলেছেন গ্লোবাল সুপার লিগের জার্সি। খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত সাকিব আল হাসানের। দলের বিপদে সাহসিকতার সাথে ব্যাট হাতে লড়াই করেছেন তিনি। মাত্র ৩৩ বলে তুলে নেন ফিফটি।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ জুলাই)। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ সেন্ট্রাল স্টেজ। গায়ানায় টসে হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের দল।
নিরোশান ডিকওয়েলা ও সাদিকুল্লাহ আতালের ব্যাটে ভালো শুরু পায় দুবাই। তবে তাদের দু’জনের জুটি দীর্ঘস্থায়ী হতে দেননি অঙ্গুশ ১৫ রান করে ফিরেন ডিকওয়েলা। দ্রুত ফেরেন গুলবাদিন নাইবও (১)।
কাদিম অ্যালেইনেও (২) ফিরেছেন দ্রুতই। তবে অন্যপ্রান্তে ঠিকই দ্রুত রান তুলে যাচ্ছিলেন আতাল। আফগান ওপেনারকে অবশ্য হাফ সেঞ্চুরি করতে দেননি ডিন ফক্সক্রফ্ট। ২৫ বলে ৪১ রানে আউট হন।
পাঁচে নেমে চার মেরে রানের খাতা খোলেন সাকিব। তবে তাকে রেখে দ্রুত ফিরেন জর্ডান জনসন। এরপর জেসে বোটানকে নিয়ে যোগ করেন ৩১। বোটান ফিরেন ১১ বলে ২০ করে। ডমিনিক ফেরেন ১৩ বলে ১১ করে।
এরপর ভার্মার সাথে সাকিব অষ্টম উইকেটে গড়েন ১৪ বলে ২৯ রানের জুটি। যেখানে ভার্মা করেন কেবল ৪ রান। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাকিব। আর দুবাই পায় ৭ উইকেটে ১৬৫ রানের পুঁজি।






