নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও থানা থেকে লুট হওয়া শটগানের নয় রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যান।
সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো: রওনক এরফান খান। এর আগে রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলটিতে অভিযান চালায়। অভিযানকালে কয়েকজন ব্যক্তিকে সেখানে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যান।
পরে পরিত্যক্ত জুট মিলের আশপাশের এলাকায় তল্লাশি চালায় আভিযানিক দলটি। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি এবং থানা থেকে লুট হওয়া শটগানের নয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সেগুলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






