সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকে অভিনব কায়দায় পাচারের সময় দুই হাজার ৪৮১ বোতল বিদেশী মদ জব্দসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেইটের সামনে চেকপোস্ট পরিচালনাকালে বালুভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিদেশী মদ জব্দসহ দু’জনকে আটক করা হয়।

আটক দু’জন হলেন— ট্রাকচালক নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর (নান্দালপুর) এলাকার কামাল মিয়ার ছেলে মো: কামরুল ইসলাম (৩০) ও তার সহকারী সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো: রুহুল আমিন (৩০)।

সিলেট জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ট্রাকটি তল্লাশির সময় চালক ও সহকারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিস্তারিত তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ট্রাকের বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭১টি বস্তা পাওয়া যায়। এসব বস্তায় দুই হাজার ৪৮১ বোতল বিদেশী মদ পাওয়া হয়। পরে মদগুলো জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরপূর্বক আটকদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।