নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ছয় ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আটক ছয়জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন— মো: পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো: রোহান (২২), মো: ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো: অন্তর (২৪)।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে মহাসড়কে অভিযান চালায়। এ সময় পুলিশ খবর পায় নয় থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে আটক করে।

এ সময় কৌশলে আরো তিন-চারজন পালিয়ে যায়। পরে আটকদের শরীর ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার যন্ত্র, দু’টি রামদা, একটি ছুরি, একটি দা, চারটি লোহার রড, সেলাই রেঞ্জ (অ্যাডজাস্টেবল রেঞ্জ) ও প্লায়ার্স জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছয়জন ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।