গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে ৩০ মামলার আসামি ও শীর্ষ মাদককারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ বাইমাইল এলাকা থেকে নয়; বরং ঢাকার তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, দায়িত্বরত এসআই প্রবীর কুমার নিজেই প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে একটি অপেক্ষমাণ প্রাইভেটকারে তুলে দিয়ে পালানোর সুযোগ করে দেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে গাজীপুরের বাইমাইল এলাকায় আসামির টয়লেটে যাওয়ার মিথ্যা নাটক সাজানো হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার।

ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে স্কট পার্টির ইনচার্জ এসআই (এবি) প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চালক কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে হাজিরার জন্য নেয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে ২৯ জন আসামি নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুরের উদ্দেশে রওনা দেয়।

পথে ঢাকার তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যানটি থামানো হয়। সেখানে স্কট ইনচার্জ এসআই প্রবীর কুমার চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে পিচ্চি রাজা ও খাইরুল বাশার নামে দুই হাজতিকে বের করেন। খাইরুলকে চালকের পাশের আসনে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর ভ্যানে ওঠেননি।

তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে পুলিশ জানায়, সেখানে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে পিচ্চি রাজাকে তুলে দেয়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার বাইমাইল এলাকায় গিয়ে পুনরায় প্রিজন ভ্যানে ওঠেন। পরে স্কট পার্টির অন্য সদস্যদের নিয়ে ‘টয়লেটে যাওয়ার কথা বলে বাইমাইল থেকে আসামি পালিয়ে গেছে’ মর্মে একটি সাজানো গল্প এজাহারভুক্ত করেন।

এর আগে, প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই প্রবীর কুমার, চালক নায়েক কামাল হোসেন, কনস্টেবল মো: জাকির হোসেন, মো: সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত তিন কনস্টেবল বর্তমানে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখামুখি রয়েছে। একইসাথে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যার তদন্তেই আসল সত্য বেরিয়ে আসে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার জানান, পলাতক শীর্ষ মাদককারবারি পিচ্চি রাজাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।