নারায়ণগঞ্জে ২১ দিন আগে নিখোঁজ হওয়া স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ইতোমধ্যে পঁচে গলে গেছে।
প্রবীর ঘোষ শহরের কালীরবাজার ভোলানাথ জুয়েলার্সের মালিক। গত ১৮ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের দাবিতে ২১ দিন ধরে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, নিহতের স্বজন, বিভিন্ন সংগঠন ও পরিবারের লোকজন মানববন্ধন ও সমাবেশ করে আসছিল। এর মধ্যে নিহতের পরিবার প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করেছিল।
নিখোঁজের পরপরই প্রবীরের বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছিল। ওই জিডির তদন্ত পরে জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। ডিবি পুলিশ বিষয়টির তদন্ত করে পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে প্রবীর ঘোষের বিষয়টি।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। কয়েকটি ব্যাগে ভরে সেফটিক ট্যাংকে লাশ টুকরো টুকরো করে রাখা হয়।
তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য, ১৮ জুন সকালে সোনারগাঁও বারদীর উদ্দেশ্যে বের হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে সন্ধ্যা ৭ টার দিকে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। ঐ দিন রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মুঠোফোনে একটি কল আসলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন ১৯ জুন সকালে নিখোঁজ প্রবীর ঘোষের বাবা বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করে।




