খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী নিহত হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে এঘটনা ঘটে। নিহত সুমন্ত চাকমা (২৮) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকার শান্তি বিকাশ চাকমার ছেলে। সে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর একজন সক্রিয় কর্মী ছিল।
এ ব্যাপারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর দীঘিনালা উপজেলা সংগঠক প্রনয় বিকাশ চাকমা জানান, নিহতের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিহত সুমন্ত চাকমা আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিল। প্রসিত বিকাশ সমর্থিত ইউপিডিএফ এর সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
ঘটনার অভিযোগ অস্বীকার করে, ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, ঐ এলাকায় আমাদের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। আমাদের সংগঠনের কেউ এই ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নয়।
দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।






