নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সরোল-বাগডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাতনির বিরুদ্ধে নানি হাজেরা বেগমকে (৯০) গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে বৃদ্ধা হাজেরাকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশে বিলের মধ্যে গলা কেটে হত্যা করা হয়। নিহত হাজেরা বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের স্ত্রী।
নিহত হাজেরা বেগমের ছেলে আকরাম অভিযোগ করেন, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে ভাগ্নে আলিজানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগে দুইপক্ষের মারামারিতে উভয়পক্ষের ১০জন আহত হয়। এর জের ধরে আলিজান আমার মাকে হত্যা করেছে বলে ধারণা করছি।
এদিকে লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এলাকার সামাজিকতা ও একটি রাস্তার জমি নিয়ে নিহত হাজেরা বেগমের পরিবারের সাথে নাতনি আলিজানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন, বৃদ্ধা হাজেরাকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশে বিলের মধ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলিজান পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।






