ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিঘাতে দেলোয়ার হোসেন (২২) নামে এক সিএনজি অটোরিকশাচালক খুন হয়েছেন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা হয়। এ হত্যার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি মো: আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টায় পাকশিমুল গ্রামের ‘দুর্গতের গোষ্ঠীর’ সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাছম আলীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে পাকশিমুল বাজারে একই গ্রামের ‘সাধুর গোষ্ঠীর’ সাইদুল নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার দিকে পাকশিমুল বাজারে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুর্গতের গোষ্ঠীর প্রবাসী হান্নান মিয়ার ছেলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে পাকশিমুল গ্রামে ফের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে সরাইল সার্কেল এএসপি মো: আনিছুর রহমান বলেন, লাশটি হাসপাতাল মর্গে রয়েছে। চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।






