বয়স্কভাতার টাকা নেয়ার জন্য মজিবর রহমান (৭৫) পায়ে হেঁটে কুসুম্বা ডিবি উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। কিন্তু ভাতার টাকা হাতে পাওয়ার আগেই সড়কে বেপরোয়া গতির গাড়িচাপায় ঝরে গেছে তার প্রাণ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা মসজিদ মোড়ের অদূরে সথমিলের পাশে এ দুর্ঘটনা হয়।
জানা গেছে, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মজিবরকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়া পথে মারা যান তিনি।
মজিবর রহমান নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি চার মেয়ের বাবা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলার কুসুম্বা ইউনিয়নে বয়স্কভাতার টাকা বিতরণের নির্ধারিত দিন ছিল। করোনার কারণে ব্যাংকের পরিবর্তে সুবিধাভোগীদের কুসুম্বা ডিবি উচ্চ বিদ্যালয়ে যেতে বলে সোনালী ব্যাংক মান্দা শাখা কর্তৃপক্ষ। এ সংবাদে মজিবর রহমানও গ্রামের ভেতর দিয়ে পায়ে হেঁটে ওই সেন্টারে যাচ্ছিলেন।
কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন, ঘটনাটি মর্মান্তিক। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। ওসি জানান, ঘাতকগাড়ি ও চালককে আটক করা যায়নি।








