কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলে তার মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ছেলে ইমান হোসেনকে (সাবু) গ্রেফতার করা হয়েছে। দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জেলার বরুড়া উপজেলার শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমান হোসেন (সাবু) কুপিয়ে তার মা মমিনা বেগমকে (৬৮) মারাত্মক আহত করেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটায় রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মুজমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে হত্যার অভিযোগে ইমান হোসেন সাবুকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা করেছেন।






