টাঙ্গাইলের কালিহাতীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নসু মণ্ডলকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার থানায় মামলা হলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম নয়া দিগন্তকে বলেন, ধর্ষণের ঘটনায় শিশু মেয়েটির বাবা শুক্রবার বিকেলে থানায় মামলা করেন। আসামি নসু মণ্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
শনিবার তাকে কোর্টে চালান করা হবে। শিশুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার বিকেলে শিশুটি বাড়ির পাশের মসজিদ খেলছিলো। এ সময় নসু মণ্ডল শিশু মেয়েটিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শারীরিক যন্ত্রণায় শিশুটি চিৎকার করলে তার পরিবার ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি স্থানীয় মাতাব্বররা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, স্থানীয় মাদরাসার সেক্রেটারি বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযুক্ত নসু মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আমি বিষয়টি থানায় জানিয়েছি। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।






