নোয়াখালীর সোনাইমুড়ীতে জাকির হোসেনে সাগর (২০) নামে এক তরুণকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে গেছে।
সাগর উপজেলার জয়াগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাহরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির ইউছুফ ওরফে লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার রাতে কিশোর বয়সী ১০-১৫টি ছেলে সাগরকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নেয়। পরে তারা তাকে জয়াগ ইউনিয়নের বাহরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১৪-১৫টি কোপ দেয় এবং পিটিয়ে একটি পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, সাগর এখনো অজ্ঞান অবস্থায় আছে। এ জন্য হামলার সাথে সরাসরি জড়িতদের নাম আমরা এখনো জানতে পারিনি। এজন্য তারা এখনো এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারিনি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শুনেছি মারামারি হয়েছে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

