বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারের ১৩টি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, কচুপাত্রা বাজারে কসমেটিকসের একটি দোকানে গত চার পাঁচ দিন ধরে বন্ধ ছিল। ওই দোকানের মালিক কসমেটিকসের মাল আনতে ঢাকায় গেছে। তাদের ধারণা ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগেছে যার কারণে আশপাশের প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার বিষয়টি জানতে পেরে ওই রাতেই তালতলী উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে থাকা লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের সদস্যরা সঠিক সময় ঘটনাস্থলে আসেননি যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কসমেটিকস, মুদি দোকান, কাপড়ের দোকানসহ ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তামিম হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার পুনরায় তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে তেমন উদ্যোগ নেয়ার জন্য জেলা প্রশাসক ও এমপির কাছে জানানো হয়েছে।






