নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা সামছুদ্দিনকে (৩৩) আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ক্লোজার ঘাট থেকে তাকে আটক করা হয়।
সামছুদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের চায়না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো: শাহীনের অন্যতম সহযোগী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। এমন খবরে অভিযান চালায় র্যাব-৭। এ সময় তিনটি বন্দুক, ১২ রাউন্ড কার্তুজ ও একটি মোবাইলসহ সামছুদ্দিনকে আটক করে র্যাব-৭। পরে শুক্রবার তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছুদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।






