নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বজলের বাড়িতে ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, স্বজলের বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হ্যাপী মহলের বাসায় শনিবার দুপুর ২টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বজল জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ১০ থেকে ১২টি মোটরসাইকেলে হেলমেট পরা একদল সন্ত্রাসী আমার বাড়ির সামনে এসে অবস্থান নেয়। সেখানে থেকে সাত থেকে আটজনের একদল আমার বাসায় ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় আমাকে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

স্বজল আরো বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা এ হামলা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, হেলমেট বাহিনী স্বজলের বাড়িতে চারটি ককটেল ছুড়ে মারে। এর দু’টি বিষ্ফোরিত হয়। অবিষ্ফোরিত রয়েছে দু’টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থান গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শাহাদাত হোসেন স্বজল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও বসুরহাট পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাকসুদাহ আক্তার হ্যাপীর ছেলে।