সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নির্মল দাশ (৪৮) নামে এক পথচারী ও সাঈদ হোসেন রনি (৩৫) নামে আর এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টায় উপজেলার কুমিরা এলাকায় নির্মল দাশ এবং দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মোটরসাইকেলআরোহী সাঈদ হোসেন রনি (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নির্মল দাশের বাড়ি উপজেলার উত্তর মছজিদ্দা এলকার মুহুরী পাড়া গ্রামে এবং মোটরসাইকেলআরোহী সাঈদ হোসেন রনি মিরসরাই নয়দোয়ারীয়া এলাকায় বসবাস করতেন।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করেছে।

জানা যায়, কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্টোল পাম্প এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় পথচারী নির্মল দাশকে চট্টগ্রামমুখী একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্টোল পাম্প থেকে জ্বালানি নিয়ে বের হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান সাঈদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আমরা লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গাড়ি দু’টি আটক করা হয়েছে।