রাজশাহীতে একটি বন্ধ রুমের ভেতরে সম্প্রতি অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যাওয়া দুই ব্যক্তির ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ নিয়ে রোববার নয়া দিগন্তের অনলাইন সংস্করণে ‘আ’লীগ নেতার ছেলের হাতে অস্ত্র!’ শিরোনামে এবং সোমবার নয়া দিগন্তের প্রিন্ট সংস্করণে ‘রাজশাহীতে কে দুই অস্ত্রধারী ব্যক্তি?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। নয়া দিগন্তের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর দাসপুকুর এলাকার মাহতাব হোসেনের ছেলে মো: সেলিম মুর্শেদ ওরফে শাফিন (৪০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মো: রানা হোসেন (৩২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার রবিউল হোসেনের ছেলে পিটার হোসেন (২৮)। তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি বিদেশী অটোমেটিক পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় নগরীর দাসপুকুর এলাকার শাহ আলমের ছেলে মো: নিলয় (২২) নামে একজন পলাতক রয়েছেন।
গ্রেফতারদের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, পলাতক নিলয়ই গোপনে ওই ভিডিওটি ধারণ করেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেন। পলাতক নিলয়কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহীতে একটি বন্ধ রুমের ভেতরে সম্প্রতি দুইজন ব্যক্তিকে অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যাওয়া একটি গোপন ভিডিও নয়া দিগন্তের হাতে আসে। মাত্র ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি অস্ত্রটি হাতে নাড়াচাড়া করে দেখছেন। পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দেন।
ভিডিও পাঠানো সূত্রটি জানায়, ভিডিওতে দেখা যাওয়া অস্ত্রধারী দুই ব্যক্তির একজনের নাম হলো সেলিম। তিনি রাজশাহী নগরীর একটি ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার ছেলে। তার হাতে যে অস্ত্রটি দেখা যাচ্ছে সেটি একটি বিদেশী দামি পিস্তল।
জানতে চাইলে নগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন নয়া দিগন্তকে বলেন, গ্রেফতার সেলিম মুর্শেদ ওরফে শাফিন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছেলে। তবে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ সাংবাদিকদের জানান, এ ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জড়িত অপর একজন পলাতক রয়েছেন। গ্রেফতার হওয়া তিনজন ও পলাতক একজনসহ মোট চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।






