নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা শিশু দু’টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, খেলার সময় উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের হোরণের ছেলে আফছার (২) পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাব্বির আহমেদ বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
তিনি আরো জানান, এছাড়াও সুবর্ণচর উপজেলায় দুপুর ১২টার দিকে চার বছর বয়সী আরমান নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: দেব জ্যোতি তাকে মৃত ঘোষণা করেন।






