চট্টগ্রামের পটিয়ায় মাছ ধরে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রিতম জলদাশ (২৮) নামে এক জেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জেলে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বরুমতি ব্রিজ সংলগ্ন পায়রা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম জলদাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুরের সুজিত জলদাশের ছেলে।

আহতরা হলেন, তরুন জলদাশ (২৫), বিকাশ জলদাশ (৪৪), সুজন জলদাশ (২৯)ও খোকন জলদাশ (২৫)। তাদের স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের (বরিশাল-ট-১১-০১৭০) ধাক্কায় জেলেদের বহনকারী সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুর রউফ।

ওই ঘটনায় ঘাতক কভার্ডভ্যানটি আটক করা হলেও তার চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।