নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জেলা ছাত্রলীগ নেতা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদকে (২৬) গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ। বেলা ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের নালিতাবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ গত ২৪ জুন তার ফেসবুক পেইজে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের নাম উল্লেখ করে ছোট রাজাকারের ছেলে বলে আখ্যা দেয়। এ সময় আরো বেশ কিছু উস্কানিমূলক কথা পোস্ট করে। বিষয়টি আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়। পরে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত আবেদন করেন।
আজ ওই আবেদনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে গ্রহণ করে এবং একই দিন বেলা ১১টার দিকে পৌর শহরের নালিতাবাড়ীবাজার থেকে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ। পরে থানা পুলিশ শেরপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে অরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।






