গাইবান্ধা পোস্ট অফিস সংলগ্ন টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনের দেয়াল ধসে ইটের নিচে চাপাপড়ে শনিবার সকালে আইয়ুব আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে ১৫ জনের একদল শ্রমিক গাইবান্ধার টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলার কাজ করছিল।
শনিবার কাজ করার সময় হঠাৎ দেয়াল ও দেয়াল সংলগ্ন বিমটি ভেঙ্গে শ্রমিক আইয়ুব আলীর গায়ের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






