ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর পাশে লুইসকার বিলে পিকনিকে গিয়ে পানিতে ডুবে মো: শ্রাবণ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ জেলা শহরের পশ্চিম পাইকপাড়া ব্যাংক কলোনি এলাকার মো: রনি খানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে আমিরপুর গ্রামের লুইসকার বিলে তারা ৩২ জন বন্ধু নৌকা নিয়ে পিকনিকে যায়। নতুন পানি দেখে বিলের মধ্যে সবাই লাফালাফি শুরু করেন। একপর্যায়ে শ্রাবণও লাফ দেন। প্রথমবার, দ্বিতীয়বার ও তৃতীয়বার লাফ দেয়ার পর শ্রাবণকে বিলের মধ্যে আর খুঁজে পাওয়া যায়নি। তার বন্ধুরা শ্রাবণকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানান। তারাও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের জন্য লুইসকার বিলে যায়। পরে শ্রাবণকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, দুপুরে ৯৯৯-এ ফোনের মাধ্যমে জানতে পারি, লইসকার বিলে পিকনিকে গিয়ে একটি ছেলে পানিতে ডুবে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটজন কর্মী নিয়ে উদ্ধার কাজে চালানো হয়। এক ঘণ্টা পর জেলেদের জালের মাধ্যমে পানির নিচ থেকে শ্রাবণের লাশ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিলের পানিতে ডুবে একটি ছেলে মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা শ্রাবণের লাশ উদ্ধার করেন।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শ্রাবণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






