কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা-চাঁন্দেরবাগ এলাকায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতু থেকে অস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্যকে স্থানীয়রা আটক করে নাঙ্গলকোট থানা পুলিশে দিয়েছে। এ সময় দু’জন পালিয়ে গেছে বলে জানান আটকৃতরা।

মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা ও চাঁন্দেরবাগ গ্রামের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতুতে উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামের স্বপনের ছেলে মেহেদী হাছান নাঈম পাশের চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের এক মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার ওই সেতুতে বিকেল বেলায় বেড়াতে যায়। নাঈম তার প্রেমিকার হাত ধরে সেতুর ওপর পায়চারি করার সময় স্থানীয় কিছু ছেলে তাদেরকে মারপিট করে। এর জেরে সোমবার বিকেলে প্রকাশ্য দিবালোকে মেহেদী হাছান নাঈম (১৬), শিবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আলমগীর হোসেন (১৫), একই গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে ফারুক (১৭), মাধবপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো:

রায়হান (১৭), রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের ইউসুফের ছেলে সাহাব উদ্দিন (১৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালাউদ্দিন (১৭) চাইনিজ কুড়াল, রামদা ও লোহার রড নিয়ে ওই সেতুর ওপর মহড়া দেয়।

এ সময়, স্থানীয়রা তাদের ধাওয়া করলে সাহাব উদ্দিন ও সালাউদ্দিন পালিয়ে যায়। বাকীদের ধারালো অস্ত্র’সহ স্থানীয়রা আটক করে নাঙ্গলকোট থানা পুলিশে খবর দেয়।

প্রেমিক মেহেদী হাছান নাঈমের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাঘণ্টা গ্রামে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, আটকদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।