কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় হাসিম উদ্দিন (৫৫) নামে স্কুলশিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন।
স্কুলশিক্ষক হাসিম উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে।
নিহত শিক্ষক হাসিম উদ্দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকায় ইঞ্জিনচালিত লাটাহাম্বার ধাক্কায় নিহত হন।
নিহত অপরজনের নাম টিপু প্রামাণিক (৪৫)। তিনি কুমারখালী পৌর এলাকার সেরকান্দী এলাকার মৃত মুনছের প্রামাণিকের ছেলে। নিহত টিপু প্রামাণিক পেশায় ভ্যানচালক।
তিনি গত বুধবার দিবাগত রাত ২টার দিকে একই সড়কের নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড়ে এলাকা চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হন। তবে ধাক্কা দেয়া গাড়িকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানচালক টিপু প্রামাণিককে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়নের ময়েনমোড় এলাকায় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। রাতে টহল পুলিশ খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, রাতে গাড়িচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। অপরদিকে লাটাহাম্বারচাপায় সকালে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় লাটাহাম্বা জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






