কক্সবাজারের টেকনাফে ব্রাজিল সমর্থক যুবকের ছুরিকাঘাতে আর্জেন্টিনার এক সাপোর্টার আহত হয়েছেন। ‘তর্কাতর্কির জেরে’ ব্রাজিল সমর্থককে ছুরিকাঘাত করেন আর্জেন্টিনার সমর্থক এক যুবক।

রোববার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদ হোসাইন।

আহত ওই যুবকের নাম মোহাম্মদ ইকবাল (২০)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারি যুবক মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম একই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য জাহেদ বলেন, রোববার সকালে টেকনাফের মহেশখালিয়া পাড়ার স্টেশনের এক দোকানে বসে কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল খেলা দেখছিল স্থানীয় কিছু যুবক ও লোকজন। শিরোপার লড়াইয়ে ব্রাজিল হেরে যাওয়ায় স্থানীয় এক যুবক আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমর্থকদের উদ্দ্যেশ করে গালিগালাজ শুরু করে। এ নিয়ে প্রতিবাদ জানালে ব্রাজিল সমর্থক মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ ইকবালের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

ওই ইউপি সদস্য বলেন, এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। কোথায় কোপা আমেরিকা খেলা হয়েছে, কারা জিতেছে; তা নিয়ে খেলায় অংশগ্রহণকারি দু’দলের খেলোয়াড়দের মধ্যে কোনো রেশারেশি নেই। অথচ কে হেরেছে, কে জিতেছে তা নিয়ে আমাদের এখানে রক্তারক্তির ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ ইকবাল বলেন, সকালে ফাইনাল খেলা শেষে ব্রাজিল সমর্থক রিদুয়ানুল ইসলাম আর্জেন্টিনর খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ করলে প্রতিবাদ জানায়। এ নিয়ে তার (রিদুয়ানুল) বড় ভাই মারধর করলে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শাহীন মো: আব্দুর রহমান বলেন, টেকনাফের মহেশখালিয়া পাড়ায় খেলা নিয়ে তর্কাতর্কির জেরে হামলায় আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের হাত-পা, পেটের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান জানান, খেলায় জয়-পরাজয় নিয়ে টেকনাফের মহেশখালিয়া পাড়ায় দু’দলের সমর্থক যুবকের মধ্যে হামলার ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।