বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় রিপন মিয়া (৩০) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী এবং শিবগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বুজরুক মাঝিড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
মঙ্গলবার বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিপন পড়াশোনার পাশাপাশি শহরের বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে ট্রাকড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় রিপন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে।






