বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার দশ দিন পর দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাদের উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুই কিশোর রাফিউল ইসলাম রউফ (১৫) ও জুলকার নাঈম নোমান (১৭) বগুড়ার একই স্কুলের শিক্ষার্থী।
নোমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বরট্ট গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং রউফের বাড়ি শিবগঞ্জের কিচক ইউনিয়নের খরপা গ্রামে, তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের বাসিন্দা সেকেন্দার আলীর বাড়ি থেকে রউফ ও নোমান নিখোঁজ হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজের বিষয়ে শিবগঞ্জ থানায় একটি জিডি করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করলো।
শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ওই দুই কিশোর একটি হোটেলে কাজ করছিলো। উদ্ধারের পর তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।






