নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চকলেট দেয়ার নাম করে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইদ নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওই শিশুর বাবা বিকেলে সোনারগাঁও থানায় মামলা করেছেন। পুলিশ গ্রেফতারকৃত বখাটে সাইদকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। ঘটনার পর ওই শিশুকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টিরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাইরা গ্রামের মৃত মুসকানদার আলীর ছেলে মোহাম্মদ সাইদ প্রতাপের চর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে একটি কোম্পানিতে চাকরি করে। গত শুক্রবার নামাজের সময় বাড়িঘর ফাঁকা পেয়ে ভাড়া বাসার পাশের চার বছরের একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে হাতে একটি চকলেট ধরিয়ে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বখাটে সাইদ জানালা ভেঙ্গে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রোববার সকালে প্রতাপের চর এলাকা থেকে সাইদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে সাইদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় এক বখাটেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিশুটিকে চিকিৎসা শেষে তার মা-বাবার জিম্মায় দেয়া হয়েছে।






