কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে। সোমবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে বিজয়পুর গ্রামের মৃত: সৈয়দ আলীর ছেলে মো: ফরিদ মজুমদার (৬০) গরু নিয়ে বাড়ির পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা যায়। পাঁচটি গরুর আনুমানিক দাম চার লাখ টাকা।

গরুর মালিক মো: ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল, আমি পেছন পেছন যাচ্ছিলাম। পল্লীবিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরুই মারা গেছে। আমার আর কোনো সম্পদ নেই, আমার সব কিছু শেষ।

কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, সঠিক ভাবে কাজ না করায় ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা গেছে। পল্লীবিদ্যুতের কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবি করেছি।

মিয়া বাজার পল্লীবিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতির পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের তার ওভার লোডের কারণে ক্রসআর্ম থেকে তার ঝুলে ছিলো। সেখান থেকে এ ঘটনা ঘটেছে।